নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাসার দুই মাসের ২৪ হাজার টাকা ভাড়া না দিয়ে পালিয়ে যাওয়া এবং পাওনা টাকা চাওয়ায় কেয়ারটেকারকে মিথ্যা মামলায় ফাঁসানো ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে এক সাবেক ভাড়াটিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় ভূমি পল্লী এলাকার ‘সাহানারা মঞ্জিল’-এর কেয়ারটেকার মোঃ শামীম (৪৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
- আপডেট সময় : ১১:৫৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অভিযোগে বর্ণিত অভিযুক্ত ব্যক্তি হলেন নোয়াখালীর মাইজদী থানার বাসিন্দা এবং সাহানারা মঞ্জিলের সাবেক ভাড়াটিয়া তানভীর আহম্মেদ রাহি (২৭)। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি চুন ফ্যাক্টরি সংলগ্ন মাহিন সাহেবের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অভিযোগে আরও ২/৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তানভীর আহম্মেদ রাহি সাহানারা মঞ্জিলে টানা দুই মাস ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও বাড়িওয়ালাকে দুই মাসের বকেয়া ২৪ হাজার টাকা পরিশোধ করেননি। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে ঘরের সামান্য মালামাল নিয়ে তিনি বাসা ছেড়ে চলে যান। পরবর্তীতে কেয়ারটেকার শামীম তার কাছে বকেয়া ভাড়ার টাকা দাবি করলে অভিযুক্ত রাহি ও তার সহযোগীরা তাকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয় বলে জানান অভিযোগকারী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।










