সিদ্ধিরগঞ্জে ‘নুরজাহান হোটেল এন্ড কাবাব ঘরে’ বাসি খাবার ও পোকামাকড় পাওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৬:১২:২১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘নুরজাহান হোটেল এন্ড কাবাব ঘরে’ বাসি খাবার পরিবেশন এবং খাবারের ভেতর পোকামাকড় পাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ভোক্তা ও সাধারণ ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, মৌচাক বাস স্ট্যান্ডের মতো ব্যস্ততম এলাকায় অবস্থিত হওয়ায় প্রতিদিন শত শত যাত্রী ও স্থানীয় বাসিন্দা ওই হোটেলে খাবার গ্রহণ করেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করে আসছে। সম্প্রতি একাধিক ক্রেতা খাবার খেতে গিয়ে খাবারে পোকামাকড় দেখতে পান এবং বাসি খাবার পরিবেশনের বিষয়টি হাতেনাতে ধরেন। এ নিয়ে হোটেল কর্মচারীদের সাথে ক্রেতাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু খাবারের মান খারাপই নয়, হোটেলটির রান্নাঘরের পরিবেশও অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে। জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে সচেতন মহল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।









